দুই বড় দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে’- :সজীব ওয়াজেদ জয়
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই নেতৃত্ব পরিবর্তনের প্রচেষ্টা “বিদেশ থেকে পরিচালিত হচ্ছে”।
জয় বলেন, আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলের নেতৃত্বেই পরিবর্তন আনার জন্য “উপর থেকে চাপ” দেওয়া হচ্ছে। তবে ঠিক কোন বিদেশি শক্তি বা কারা এই প্রক্রিয়ার সাথে জড়িত—সেই বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
‘আমরা গণতান্ত্রিক দল, নেতৃত্ব নির্ধারণ করবে দল’
সাক্ষাৎকারে শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্বে তিনিই আসতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে জয় জানান, এটি পুরোপুরি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
তিনি বলেন,
“আমরা একটি গণতান্ত্রিক দল। ভবিষ্যতের নেতৃত্ব কে হবে, এটা দলই নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে দিতে পারি না।”
এর বিপরীতে তিনি অভিযোগ করেন,
“এখন চেষ্টা করা হচ্ছে—দুই দলেরই নেতৃত্ব উপর থেকে পরিবর্তনের। আর এটা বিদেশ থেকে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না।”
আওয়ামী লীগের সংকট ও ‘রিফাইন্ড’ ধারণা
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগ বড় রাজনৈতিক সংকটে পড়ে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতা আত্মগোপনে আছেন বা কারাবন্দি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা চলছে।
বিবিসির প্রশ্নে ‘রিফাইন্ড’ বা শুদ্ধিকৃত আওয়ামী লীগের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেন জয়। তাঁর দাবি, দলের নেতৃত্ব এবং দিকনির্দেশনা নির্ধারণ করবে দলীয় কাঠামোই—বাহির থেকে আরোপিত পরিবর্তন নয়।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ