৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী দেওয়ার ঘোষণা জামায়াতের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে জামায়াত আমির বলেন, “ইনশাআল্লাহ, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন।” তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে জনগণের সম্পদ লুট, দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত নয়।
তার ভাষায়, “আমাদের অভিজ্ঞতা নেই—জনগণের সম্পদ চুরি করার, চাঁদাবাজির, গণরুম করে টর্চার সেল চালানোর বা দুর্নীতির অভিজ্ঞতা আমাদের নেই।”
‘বস্তাপচা রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ চলবে না’
বর্তমান রাজনৈতিক পরিবেশের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ আর পুরনো ধাঁচের দলীয় রাজনীতি চায় না। তিনি বলেন, “জনগণ বস্তাপচা দুর্গন্ধ রাজনীতি চায় না। কোনো সরকার যেন পক্ষপাতদুষ্ট না হয়—জনগণ সেটিই চায়।”
ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও দেশের রাজনৈতিক ক্ষেত্রে তার সব লক্ষণ এখনো বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “সব শ্রেণি-পেশার মানুষ খোলা বুকে গুলি, আগুন আর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেছে। ছাত্র-যুবকদের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে খুশি নয়।”
‘জামায়াতকে ধ্বংসে যা করার সবই করা হয়েছে’
গত দেড় দশকে জামায়াতকে নির্মূল করতে সরকার সবধরনের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন দলীয় আমির।
তিনি বলেন, “সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে এমন কোনো কাজ নেই তারা করেনি। কিন্তু জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি।”
তিনি আরও দাবি করেন, জামায়াতের ছাত্র সংগঠন শিবির ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
৩০০ আসনে ‘নিষ্কলুষ প্রার্থী’ দেওয়ার ঘোষণা
আগামী নির্বাচনে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত আদর্শ নেতৃত্ব গঠনে জামায়াত ৩০০ আসনে “নিষ্কলুষ প্রার্থী” মনোনয়ন দিয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “জনসেবা যাদের পেশা ও নেশা, জামায়াতের পতাকা তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।”
সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যের বার্তা
সমাবেশে তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনে বিজয়ী হলে বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
তার দাবি, দেশকে সংকট থেকে বের করতে এখন ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ