নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

সংস্কার না হলে শহীদের রক্তের সাথে বেঈমানি হবে: ডা. তাহের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম

বক্তব্য রাখেন ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, নির্বাচনী সংস্কার না হলে তা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “একটি দল কোনো ধরনের সংস্কার চায় না। তারা পুরনো, বস্তাপচা নিয়মে নির্বাচন করার পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকারও তাদের ফাঁদে পা দিয়েছে। যদি সংস্কার না হয়, শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি।”

তিনি অভিযোগ করেন, সরকার গণভোট আয়োজনের কথা বললেও তা জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে করার মাধ্যমে “প্যাঁচ লাগিয়ে দিয়েছে।” ডা. তাহের বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন এক বিষয় নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাবে না। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি; বরং প্রতারণা করা হয়েছে।”

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসাবিষয়ক সম্পাদক আলা উদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মাদরাসা শিক্ষক, সাবেক জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com