মিরপুরে প্রীতি সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “মানুষের তৈরি আইন নয়, কুরআন-সুন্নাহর দিকেই মুক্তির পথ”

দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান |সংগৃহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ সংসদীয় আসনে দলীয় প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সঙ্গে আপোস করবে না।”

তিনি বলেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতি করে না; বরং কথার সঙ্গে কাজের মিল রেখে জনগণের আস্থা অর্জন করতে চায়।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ আসনের সমর্থকদের আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে অনেকেই বাংলাদেশকে আমেরিকা বা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই ওয়াদা রাখে না। জনগণ এখন বুঝে গেছে—ধোঁকাবাজদের আর সুযোগ দেওয়া যাবে না।”

তিনি বলেন, ভোটারদের উচিত অতীত-বর্তমানের আমলনামা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করা এবং কথার ফুলঝুড়িতে বিভ্রান্ত না হওয়া।

জামায়াত আমীর বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। আমরা কারো নির্দেশে চলব না, কাউকে দাদা বা বড় ভাই মানব না। পররাষ্ট্রনীতিতে বৈরিতা নয়, বন্ধুত্ব ও সমতার ভিত্তিই হবে আমাদের মূলনীতি।”

তিনি আরও বলেন, “যুব সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”

পীরেরবাগ, বাইতুল আরাফা ও বড়বাগ এলাকার বিভিন্ন মসজিদে জুমা, আসর ও মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,
“মানুষের তৈরি আইন দিয়ে প্রকৃত কল্যাণ সম্ভব নয়। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য কুরআন-সুন্নাহর আদর্শে ফিরে আসতে হবে।”

তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জামায়াত আমীর বলেন, “আমরা এতদিন অতীত নিয়ে ব্যস্ত থেকেছি, ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। কিন্তু এখন দিন বদলের সময় এসেছে। ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আল্লাহ যদি সরকার পরিচালনার সুযোগ দেন, তবে ন্যায়বিচার, নৈতিক শিক্ষা ও সম্প্রীতির সম্পর্কের ভিত্তিতে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com