গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
কক্সবাজারে কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহানবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী নির্বাচন ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কক্সবাজার-৩ সংসদীয় (সদর–রামু–ঈদগাঁও) আসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৩ সংসদীয় আসন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।
মুহাম্মদ শাহজাহান বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জনআকাঙ্ক্ষার আলোকে গণভোট আয়োজন করতে হবে। দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে।”
তিনি আরও বলেন, “তারুণ্যই জাতির শক্তি। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াই তারুণ্যের হাত ধরেই সফল হবে ইনশা আল্লাহ।”
সম্মেলনের প্রধান বক্তা ও কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, “কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, কক্সবাজারের সমুদ্র সৈকত ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং ঈদগাঁও–রামুর অবকাঠামো আধুনিকায়ন আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা মানে ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার। তাই আগামীর নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, রামু উপজেলা আমির ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সেলিম উল্লাহ জিহাদীসহ স্থানীয় নেতারা।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ