সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে: এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার দল সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার করা হবে। তিনি বলেন, “বিএনপি চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করেছে— এগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধের বিচার হওয়া প্রয়োজন। আমরা যদি সরকার গঠন করি, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, তারও বিচার করব। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে— এই মানসিকতায় আমরা নেই।” 

মঙ্গলবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেল আয়োজিত ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি যদি ক্ষমতায় আসে, এনসিপির মাধ্যমে তাদের পতন নিশ্চিত হবে। বিএনপি শুধু দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরাই ছিল। এবারের প্রার্থী তালিকায় যারা জুলাই সনদ প্রয়োজন নেই বলছে, তাদের অবস্থানে আমরা হতাশ।”

তিনি আরও বলেন, “যদি বিএনপি সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসে, তবে এনসিপি কিছু সুযোগ দিতে রাজি রয়েছে। জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন— ক্ষমতা না চেয়েও পেয়েছিলেন। তার অর্থনৈতিক সাফল্য ছিল, কিন্তু রাজনৈতিক পুনর্গঠনে ব্যর্থ হন। স্বাধীনতার পর বাংলাদেশকে পুনর্গঠনের একটি সুযোগ ছিল, যা তিনি পুরোপুরি কাজে লাগাতে পারেননি।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রশংসা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “জোটবদ্ধ দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের নিয়ম করে প্রতীক বিক্রির ব্যবসা বন্ধ করা হয়েছে, এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।”

এ ছাড়া ধর্মের নামে রাজনীতি না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জামায়াতে ইসলামীকে অনুরোধ করব, তারা যেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি না করে।”

সূত্র: এনসিপি মিডিয়া সেল

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com