বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মিথিলা এখন ভোটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একইদিন সকালে নিজের ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি।
মিথিলা লেখেন, “আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে আপনাদের ভোট চাই।”
গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, ‘পিপলস চয়েজ’ বিভাগে মিথিলা পেয়েছিলেন ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট—যা তাকে তৃতীয় স্থানে রেখেছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসেন।
বর্তমানে তিনি দ্বিতীয় স্থানেই অবস্থান করছেন। এই সাফল্যে দেশজুড়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। মিথিলার ভক্তরা নিরলসভাবে তাকে এগিয়ে রাখতে ভোট দিচ্ছেন অবিরাম।
শুধু ‘পিপলস চয়েজ’ নয়, মিথিলা এগিয়ে আছেন আরও কয়েকটি বিভাগে—
বেস্ট ন্যাশনাল কস্টিউম: প্রথম মিস
কনজেনিয়ালিটি: দ্বিতীয়
বেস্ট ইভিনিং গাউন: দ্বিতীয়
বেস্ট স্কিন: তৃতীয়
বর্তমানে পাতায়ায় অবস্থান করছেন মিথিলা। ফুকেটের ইভেন্ট শেষ করে সেখানেই চলছে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি।
মঙ্গলবার রাতে ভোটে তৃতীয় হওয়ার খবর পেয়ে মিথিলা সংবাদমাধ্যমকে বলেন,
“প্রথমে বিশ্বাসই করতে পারিনি। সারা শরীর কাঁপছিল, কান্না পেয়ে গিয়েছিল। আমার দেশের মানুষ যে এতটা সমর্থন দেবে, তা ভেবেই আবেগে আপ্লুত হয়েছি।”