ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বিরুদ্ধে প্রতারণা মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম

তানজিন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা থাকলেও, তার আগেই তিশা জড়িয়ে গেলেন আইনি জটিলতায়।

গত ২২ অক্টোবর প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দেন এক নারী উদ্যোক্তা। এবার সেই নারী উদ্যোক্তার নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছেন। মামলাটি সিআর নম্বর ৯৬২/২০২৫ হিসেবে নথিভুক্ত হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার, গণমাধ্যমে বলেন—

“তিনি (তিশা) একজন নারী উদ্যোক্তাকে পেট্রোনাইজ করার কথা ছিল, কিন্তু সেখানে প্রতারণা করেছেন। এ জন্য তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে।”

মামলার সূত্রে জানা যায়, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি প্রমোশনের জন্য নেওয়ার পর মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় ফ্যাশন পেজটির কর্ণধার প্রতারণার অভিযোগ আনেন।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশাকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। তবে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিশা দাবি করেছেন—

“ওই শাড়িটি আমি উপহার হিসেবে পেয়েছি, কেনা নয়।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com