মেসির গোলেই নিশ্চিত জয়, অ্যাঙ্গোলাকে হারিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের গোলেই অ্যাঙ্গোলাকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়েই ছিল আলবিসেলেস্তেদের আক্রমণাত্মক আধিপত্য।
অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে আয়োজিত হয় এই প্রীতি ম্যাচ। আয়োজনে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা স্বাগতিকদের বিপক্ষে প্রত্যাশামতো দাপুটে খেলেছে আর্জেন্টিনা।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত
শুরুর দিক থেকেই আক্রমণে চাপে রাখে আর্জেন্টিনা।
২১ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করলেও মেসির শট ঠেকান অ্যাঙ্গোলার গোলরক্ষক পেদ্রো মার্কেস।
৩৮ ও ৩৯ মিনিটে টানা দুটি সুযোগ নষ্ট করেন মেসি। থিয়াগো আলমাদার কাটব্যাক থেকে নেওয়া শট পোস্টের বাইরে চলে যায়। পরের মিনিটে লাউতারোর পাস সামান্য নাগালে না পেয়ে আরেক সুযোগ হারান আর্জেন্টিনা অধিনায়ক।
অবশেষে ৪৪তম মিনিটে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। মেসির পাস ধরে বক্সের ডানপ্রান্ত থেকে নিচু শটে গোল করে আর্জেন্টিনাকে বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
মেসির গোল, স্বস্তির জয়
বিরতির পরও আক্রমণ ধরে রাখে আর্জেন্টিনা, তবে অ্যাঙ্গোলা একের পর এক আক্রমণ সামলে নেয়।
৮১তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে নিঁখুত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি।
৮৬ মিনিটে মেসিকে তুলে নিয়ে পানিচেলিকে নামান কোচ লিওনেল স্কালোনি। এরপর আর গোল না এলেও ২-০ ব্যবধানে বছর শেষ করে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ