মর্যাদার লড়াইয়ে আজ ভারত বনাম পাকিস্তান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো এই আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
ভারত এ পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবের দল শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে, সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান নিশ্চিত করেছে ফাইনাল। এবার তাদের লক্ষ্য ভারতকে থামিয়ে নতুন ইতিহাস রচনা।
দুবাইয়ের পিচে শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পেলেও ধীরে ধীরে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সন্ধ্যার পর শিশির পড়তে পারে, যা বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, রাতে নেমে আসবে ৩৩ ডিগ্রিতে।
সম্ভাব্য একাদশ
-
ভারত: আভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
-
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
দুই দলের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরেও আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে। ফলে আজকের ম্যাচ শুধু শিরোপা নয়, মর্যাদা ও মানসম্মানের লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে।
ভারত জিততে পারলে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতবে। পাকিস্তান চাইবে ভারতকে থামিয়ে ইতিহাসে নতুন দৃষ্টান্ত গড়তে।
ক্রিকেটবিশ্বের চোখ আজ তাই দুবাইয়ে—যেখানে এক মহারণে নির্ধারিত হবে ২০২৫ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ