পাবনায় নামাজরত অবস্থায় পিতাকে কুপিয়ে হত্যা করল ছেলে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

সংগৃহীত

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিক (৩০)।
রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিজাম প্রামানিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম প্রামানিক সন্ধ্যায় বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফেরেন। রাতের খাবার শেষে তিনি ঈশার নামাজে দাঁড়ালে তার ছেলে মোস্তফা দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে পাশের ঘরে গিয়ে দরজা আটকে বসে থাকে।

শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় মোস্তফার হামলায় সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন। আহতদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, ‘আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে সে। আগেও আমাকে মারার চেষ্টা করেছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাবার ওপর অত্যাচার করত। আমি এই হত্যার উপযুক্ত বিচার চাই।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: নয়া দিগন্ত

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com