অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখল আপিল বিভাগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে করা চ্যালেঞ্জ আর আইনি বাধার মুখে থাকল না।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গতকাল বুধবার শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে যুক্ত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসীন রশিদ। তবে হাইকোর্ট রিটটি খারিজ করে রায়ে উল্লেখ করেন— “দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে; তাই এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”
পরবর্তীতে তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন, যার নিষ্পত্তিতে আজকের এই রায় আসে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ