ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে আটক করেছে মার্কিন সেনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

ছবি সংগৃহীত
 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’ 

মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন। ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়।

সূত্র : বিবিসি

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com