যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য ২০ বছরের অপেক্ষা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অবৈধ অভিবাসন রুখতে যুক্তরাজ্য আশ্রয়নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তিরা কেবল অস্থায়ীভাবে দেশটিতে থাকতে পারবেন এবং তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। এ অবস্থায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে অপেক্ষা করতে হবে দীর্ঘ ২০ বছর।
আগামীকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই নতুন নীতির ঘোষণা দেবেন বলে জানা গেছে।
বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া ব্যক্তিরা পাঁচ বছর শরণার্থী মর্যাদা পাওয়ার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। তবে নতুন পরিকল্পনায় প্রাথমিক মেয়াদ কমিয়ে আড়াই বছর করার প্রস্তাব করা হয়েছে এবং প্রতিবার মেয়াদ শেষে তাদের মর্যাদা পুনর্বিবেচনা করা হবে। যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে, তাদের দেশে ফেরত পাঠানো হবে।
অবৈধ অভিবাসন কমাতে কঠোর পদক্ষেপ
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সানডে টাইমসকে বলেন, এই সংস্কারগুলো মূলত মানুষকে সতর্ক করতেই— যেন তারা অবৈধভাবে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে না আসেন।
তার ভাষায়, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে ছিন্নভিন্ন করছে। যদি আমরা এর সমাধান না করি, দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।’
ব্রিটিশ সরকার মনে করছে, ছোট নৌকায় করে বিপদজনকভাবে চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা কমাতে এই নীতি কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডেনমার্ক মডেল অনুসরণ
এই নতুন নীতির কাঠামো তৈরি হয়েছে ডেনমার্কের অভিবাসন ব্যবস্থার ভিত্তিতে। ইউরোপের সবচেয়ে কঠোর আশ্রয় ও অভিবাসন নীতির জন্য পরিচিত ডেনমার্ক সাম্প্রতিক বছরগুলোতে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে অবৈধ প্রবেশ ঠেকাতে সক্ষম হয়েছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ