গাজায় ইসরাইলি হামলার মধ্যেও ‘যুদ্ধবিরতি বহাল’ দাবি ট্রাম্পের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হলেও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে চায়।
ইসরাইলের হামলা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমাদের দেখতে হবে কী ঘটছে। আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটি শান্তিপূর্ণ থাকবে।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, তারা (হামাস) কিছুটা অসংযত আচরণ করেছে। তারা কিছু গুলি চালিয়েছে। আমরা মনে করি, হয়তো তাদের নেতৃত্ব এতে জড়িত নয়, বরং কিছু বিদ্রোহী এর পেছনে আছে।”
তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “যেভাবেই হোক, বিষয়টি সঠিকভাবে এবং কঠোরভাবে পরিচালনা করা হবে।”
যুদ্ধবিরতি এখনও বহাল আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।”
অন্যদিকে, গাজার গণমাধ্যম দপ্তর জানায়, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। সংস্থাটির দাবি, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল অন্তত ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ