যুক্তরাষ্ট্রে বাজেট অচলাবস্থা, সরকারি কার্যক্রম বন্ধ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম
যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছরের বাজেট পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বিলটি শেষ মুহূর্তেও সিনেটে অনুমোদন না পাওয়ায় স্থানীয় সময় মধ্যরাত থেকে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় বন্ধ হয়ে গেছে।
ফলে দেশটিতে জরুরি সেবা ছাড়া অন্যান্য সব সরকারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ফেডারেল কর্মচারী থেকে শুরু করে সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়বেন।
এদিকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বাজেট সংকট কাটিয়ে পূর্ণ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নিয়মিত আপডেট দেওয়া হবে না। পোস্টে বলা হয়, “জরুরি নিরাপত্তা বিষয়ক তথ্য ব্যতীত এই অ্যাকাউন্টটি আপডেট করা হবে না।”
তবে দূতাবাস আরও জানিয়েছে, “পরিস্থিতি অনুযায়ী পূর্বনির্ধারিত পাসপোর্ট ও ভিসা সেবা অব্যাহত থাকবে।”
যুক্তরাষ্ট্রে অতীতে একাধিকবার বাজেট অচলাবস্থার কারণে সরকার আংশিকভাবে বন্ধ হয়েছে। তবে প্রতিবারই সমঝোতার মাধ্যমে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে অচলাবস্থা কাটানো সম্ভব হয়েছে।
সুত্র: বিবিসি।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ