কুরআন অবমাননায় নর্থ সাউথ এর সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম

সংগৃহীত

কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল (২২)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে তিনি কোন বিভাগে পড়েন, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন শরীফ অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তার শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন।

রাতে বিক্ষুব্ধ একদল ছাত্র-জনতা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ ও শাস্তির দাবি জানাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপূর্ব পালের নিরাপত্তার জন্য তাকে হেফাজতে নেয়।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত অবস্থায় অপূর্ব পালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অপূর্ব পালকে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে স্থায়ী বহিষ্কারসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, তারা এমন ঘটনার প্রতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে এবং কোনো শিক্ষার্থী বা সদস্য ধর্মীয় মূল্যবোধ অবমাননা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও ব্যাপক আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com